নারায়ণগঞ্জ, বুধবার (৬ মে): নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব জানান, স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করার পরপরই সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে। তবে এটি সরাসরি কারও মাথায় না পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে গিয়ে তিনি এ ঘটনা প্রত্যক্ষ করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলক গুরুতর বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



