মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের ভেতরে গোপনে একাধিক সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ভূখণ্ডে চালানো হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তবে হামলার বিষয়টি এতদিন প্রকাশ্যে আনা হয়নি।
দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, গত মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী ইরানের অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তাদের একজন জানান, “সৌদি আরবে হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।”
তবে ঠিক কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি হামলার বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তা কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন দেশটি নিরাপত্তার ক্ষেত্রে মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। তবে টানা ১০ সপ্তাহের আঞ্চলিক সংঘাতের পর সেই নিরাপত্তা বলয়ে দুর্বলতা দেখা দেওয়ায় সৌদি আরব আরও সরাসরি ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।






