ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস কোনো সাধারণ ঘটনা নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের জন্য অত্যন্ত কষ্ট ও উদ্বেগের বিষয়। এ ধরনের অনিয়ম শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে।
শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
নরেন্দ্র মোদী জানান, সরকার শুরু থেকেই প্রশ্নফাঁসের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে। গত আড়াই মাসে এ ধরনের অনিয়ম প্রতিরোধ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিশ্রম ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশ্নফাঁসের মতো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।






