ঢাকা, ১৪ মে: চীনের সহায়তায় দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে। বিশেষ করে চীনের প্রযুক্তি, বিনিয়োগ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্ধ শিল্পকারখানাগুলো আবারও উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশবান্ধব ও আধুনিক শিল্পায়নের দিকে এগোতে বাংলাদেশ “গ্রিন টেক্সটাইল” খাতে গুরুত্ব দিচ্ছে। এ খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে দেশি-বিদেশি উদ্যোক্তা, পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






