ঢাকা, ২২ জুন: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত সৎ, যোগ্য ও সর্বমহলে গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে পুরো ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে ব্যাংকটির স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে সোমবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।
বিক্ষোভকারীরা দাবি করেন, নতুন পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালেরও দাবি জানান তারা।
আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। সেখানে দ্রুত পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলম গ্রুপের শেয়ার পূর্ববর্তী মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
এর আগে গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে সংগঠনটি। পরবর্তীতে ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংকটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের ওপর ন্যস্ত করা হয়।



