ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগের অধীন বাঘাবাড়ী স্থল কাম-নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ড্রাইভার মো. সিহাব উদ্দিনের আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
২৭ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী বিভাগের উপপরিচালক মো. মঞ্জিল হরি স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়।
সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, বাঘাবাড়ী স্থল কাম-নদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শাহজাদপুর, সিরাজগঞ্জে কর্মরত এবং নর্থ ওয়েস্ট পাওয়ার প্ল্যান্ট জেনারেশন লিমিটেড, সয়দাবাদে সংযুক্ত ড্রাইভার মো. সিহাব উদ্দিন (পিআইএন-৪০০৩৫৭) গত ১৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে স্টেশন অফিসারের খালি কোয়ার্টারের ডাইনিং রুমে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে মহাপরিচালকের নির্দেশে ১৯ জুলাই ২০২৬ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে আত্মহত্যার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
পরবর্তীতে তদন্ত কমিটি ২৩ জুলাই ২০২৬ তারিখে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তদন্ত সম্পন্ন করে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন রাজশাহী বিভাগের উপপরিচালকের কার্যালয়ে জমা দেওয়া হয়। পরে তা মহাপরিচালকের অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা সদর দপ্তরে পাঠানো হয়েছে।
সরকারি পত্র অনুযায়ী, তদন্ত প্রতিবেদনের সঙ্গে মোট পাঁচ ধরনের নথি সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
সরকারি পত্র অনুযায়ী, তদন্ত প্রতিবেদনের সঙ্গে মোট পাঁচ ধরনের নথি সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
১০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন,
১৭টি লিখিত জবানবন্দি (মোট ৬০ পৃষ্ঠা),
তদন্ত কমিটি গঠনের আদেশ,
তদন্তে উপস্থিত হওয়ার নোটিশ,
এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তদন্ত প্রতিবেদনের বিস্তারিত তথ্য বা আত্মহত্যার কারণ সম্পর্কে সরকারি পত্রে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।



