বিনোদন ডেস্ক : ভারতের সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, সুইমিং পুলে সময় কাটাতে থাকা একদল পুরুষ দেওয়ালে আঁকা এক নারীর ছবি দেখে অশালীন অঙ্গভঙ্গি ও উচ্ছ্বাস প্রকাশ করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়।
অনেকেই প্রশ্ন তুলেছেন, বাস্তবের নারী তো বটেই, এখন কি ছবিতে আঁকা নারীরাও নিরাপদ নন?
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী Bhumi Pednekar। ভাইরাল ভিডিওটি নিজের সমাজমাধ্যমে শেয়ার করে তিনি লেখেন, “আমাদের নতুন প্রজন্মের মানসিকতা এমন হয়ে গেছে। এই মানুষগুলোর মধ্য থেকেই ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটবে। আমরা এক ধরনের সামাজিক মহামারির মধ্য দিয়ে যাচ্ছি।”
ভূমি আরও বলেন, “শুধু নিন্দা জানিয়ে বা লজ্জা প্রকাশ করে এর সমাধান হবে না। প্রয়োজন আরও কঠোর আইন ও কঠিন ব্যবস্থা।”
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নেটাগরিকেরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও শিক্ষার অভাবকে এ ধরনের ঘটনার জন্য দায়ী করছেন।



