সিলেট: শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে সিলেটে শিশু-কিশোরদের উপস্থিতিতে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সরকার জানায়, সারা দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হবে।
আশির দশকের জনপ্রিয় ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির ধারাবাহিকতায় এবার ক্রীড়াক্ষেত্রে প্রতিভা অনুসন্ধানের লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
এর আগে সকাল ১০টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে তিনি হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে সুরমা নদীর তীরবর্তী চাঁদনী ঘাটে গিয়ে সিটি করপোরেশনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন শেষে সিটি করপোরেশন আয়োজিত সুধি সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।





