নিজস্ব প্রতিবেদক | ডেইলি বার্তাএক্স

জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ হিসেবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছেন আব্দুল মুনতাকিম। পরে তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্য বলেন, তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”

তবে তার নির্বাচনী হলফনামার তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর প্রায় এক দশক পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা-মা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে পরিবারের সঙ্গেই বসবাস করছেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আব্দুল মুনতাকিম বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। তিনি এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

এদিকে, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. শফিকুল ইসলাম ঘটনাটিকে ‘স্লিপ অব টাং’ বা মুখ ফসকে বলা ভুল হিসেবে উল্লেখ করেছেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চললেও সংশ্লিষ্ট সংসদ সদস্য ভুল স্বীকার করে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here