
রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, র্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং মাঠে সক্রিয় রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
র্যাব-২ অধিনায়ক জানান, যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত হামলার কোনো নির্দিষ্ট শঙ্কা বা গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গত রাতে অভিযান চালিয়ে ৫ আগস্ট থানার লুট হওয়া একটি রিভলবারসহ ফোরকান আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আরও দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ফোন এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবাসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
তিনি আরও বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান জোরদার করা হবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হবে।




