প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। শনিবার (২ মে) দিনব্যাপী এ সফরে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।
পরে সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দুপুরে তিনি সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন।
এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিলেট কার্যালয়ে একটি সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সিলেট সফর।





