রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে বরাবরই সরব ইরানি অভিনেত্রী ও মডেল মন্দনা করিমি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইকে নিয়ে মন্তব্য করা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়েও প্রকাশ্যে মতামত দিয়েছেন তিনি।
সম্প্রতি ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন মন্দনা। গত মাসে তিনি জানান, ভারতে না থেকে নতুন করে জীবন শুরু করতে দুবাইয়ে বসবাস করবেন। তবে তিনি ইরানে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনার কথা উল্লেখ করেননি।
দুবাইয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন জীবনযাপনের নানা মুহূর্ত ভাগাভাগি করতে শুরু করেন এই অভিনেত্রী। আর এরপরই সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই অভিযোগ তোলেন, যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব থাকা মন্দনা এখন শুধুই নিজের ব্যক্তিগত জীবন ও বিলাসী মুহূর্তগুলো তুলে ধরছেন।
সমালোচনার জবাবে সম্প্রতি একটি ভিডিওবার্তা প্রকাশ করেন মন্দনা করিমি। সেখানে তিনি জানান, একজন মানুষের ব্যক্তিগত জীবনযাপন ও রাজনৈতিক অবস্থান—দুটোই একসঙ্গে থাকতে পারে। নিজের জীবনকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার অর্থ এই নয় যে তিনি বিশ্ব পরিস্থিতি বা মানবিক সংকট নিয়ে উদ্বিগ্ন নন।
ভিডিওবার্তায় তিনি সমালোচকদের উদ্দেশে আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো ব্যক্তির জীবনের ছোট্ট একটি অংশ দিয়ে তার পুরো অবস্থান বা চিন্তাধারার মূল্যায়ন করা উচিত নয়।
দুবাইয়ে নতুন জীবন শুরু করলেও সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে নিজের অবস্থান থেকে সরে যাননি বলেও ইঙ্গিত দিয়েছেন এই ইরানি অভিনেত্রী।



