15.4 C
London
Saturday, June 13, 2026
Home আজকের পত্রিকা কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, আতঙ্ক-জল্পনা পর্যটকদের মধ্যে

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, আতঙ্ক-জল্পনা পর্যটকদের মধ্যে

32

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজার সমুদ্র সৈকত–এর আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘ রেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। বিরল এ দৃশ্য ঘিরে সৈকতে অবস্থানরত পর্যটক ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। কেউ মোবাইল ফোনে মুহূর্তটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, আবার অনেকেই আতঙ্কিত হয়ে বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু করেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দৃশ্যটি স্পষ্ট দেখা যায়। একই সময়ে সুন্দরবন–সংলগ্ন শরণখোলা পয়েন্ট থেকেও আকাশে একই ধরনের আলোর রেখা দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে জানা যায়, ভারতের জলসীমায় দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের আলোর প্রতিফলন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দৃশ্যমান হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬–এর পরীক্ষা চালাতে পারে ভারত। এ উপলক্ষে ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের নির্দিষ্ট আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে দেশটি।
ভারত ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটাম) জারি করেছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার এলাকা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here