আজ ৮ মে, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব গাধা দিবস’। মানুষের নিত্যজীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা পরিশ্রমী প্রাণী গাধাকে সম্মান জানাতেই দিবসটি পালন করা হয়।
গাধাকে সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহার করা হলেও বাস্তবে এটি অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল ও কর্মঠ প্রাণী। শতাব্দীর পর শতাব্দী ধরে দুর্গম এলাকায় মালামাল পরিবহন, কৃষিকাজ এবং বিভিন্ন ভারী কাজে মানুষের বিশ্বস্ত সহচর হিসেবে কাজ করে আসছে গাধা।
২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্ব গাধা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর ৮ মে দিবসটি বিভিন্ন দেশে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো গাধার প্রতি মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রাণীটির সুরক্ষা নিশ্চিত করা।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক যন্ত্রনির্ভর ব্যবস্থার কারণে অনেক অঞ্চলে গাধার ব্যবহার কমে গেছে। ফলে ধীরে ধীরে কমছে এ প্রাণীর সংখ্যাও। তাই গাধা সংরক্ষণ ও তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন প্রাণিপ্রেমীরা।
বিশ্ব গাধা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক পোস্ট।






