কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে গেছে বলে জানা গেছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর এই ট্রেনে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন—মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)। এর মধ্যে হিমেলের চারটি দাঁত ভেঙে যায় এবং ঠোঁটের ভেতরের অংশে গুরুতর আঘাত লাগে। অপরদিকে আবু সাঈদ ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আহত দুই যাত্রী নন-এসি কোচের (ঢ বগি) ৩৫-৩৬ নম্বর আসনে বসা ছিলেন। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় বাইরে থেকে হঠাৎ একটি পাথর ছুড়ে মারা হয়, যা সরাসরি তাদের ওপর আঘাত হানে।
পরে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেল সোয়া চারটার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
একই বগিতে থাকা যাত্রী সাইদুল ইসলাম জানান, তারা ১৮-২০ জনের একটি দল দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তারা। তিনি বলেন, “হিমেলের অবস্থা খারাপ ছিল, তার চারটি দাঁত ভেঙে গেছে এবং ঠোঁটে সেলাই লাগতে পারে। আরেকজন যাত্রী ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।”
এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও যাত্রীরা।





