
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোবিন মিয়া (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা আবাদ গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মোবিন মিয়া ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝোড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই মাছ ধরতে হাওরে যান মোবিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




