12.4 C
London
Tuesday, May 5, 2026
Home রাজনীতি ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

2

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। এনসিপি ও সংগঠনটির কেন্দ্রীয় একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।

যোগদান উপলক্ষে এরই মধ্যে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে বৈঠক করেছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মতূজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।

সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংগঠনের সকল নেতাকর্মীর সম্মিলিত সিদ্ধান্তে এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ দেড় বছর ধরে আমরা ছোট একটি সংগঠন নিয়ে জুলাই সনদসহ গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে আসছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছোট পরিসরে থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হচ্ছে না। তাই বৃহত্তর পরিসরে দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, “আমরা যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম, সেই সংস্কারে বর্তমান সরকারের অনীহা স্পষ্ট। সেই আশা ধরে রাখতে এবং বাস্তবায়নের পথে এগোতেই আমরা এনসিপির সঙ্গে যুক্ত হচ্ছি।”

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, জুলাইয়ের যোদ্ধাদের একটি বড় অংশ দলের রাজনীতিতে যুক্ত হওয়া ইতিবাচক দিক। তিনি বলেন, “দেশের স্বার্থে রাজনীতি করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিকে বেছে নিচ্ছে। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের সমস্যার সমাধানমুখী রাজনীতি চালিয়ে যাব।”

এই যোগদানের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here