15 C
London
Friday, June 5, 2026
Home জাতীয় ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেতুমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেতুমন্ত্রী

26

ঈদযাত্রায় কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসেও ভাড়ার তালিকা সংযুক্ত করা হয়েছে। যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত সময়ে ভালোভাবে বাড়ি ফিরতে পারছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট নিয়মিত কাজ করছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, যাত্রীরা পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ জানালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে অনেক যাত্রী অগ্রিম টিকিট না কাটার কারণে ভোগান্তিতে পড়ছেন। আবার যাত্রীদের অসচেতনতার সুযোগ নিয়ে কিছু চালক ও সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও মন্তব্য করেন তিনি।
কোরবানির পশুর হাট প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনুযায়ী সড়কে গরুর হাট না বসানোর সিদ্ধান্ত ছিল। কিন্তু পশু ও ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় অনেক সময় হাট সড়কে চলে আসছে, ফলে কোথাও কোথাও সমন্বয়হীনতা তৈরি হচ্ছে।
তিনি বলেন, সরকারের মনিটরিংয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিপুলসংখ্যক মানুষ পণ্যবাহী ট্রাকে যাতায়াত করছে। এসব ট্রাক থামাতে গেলে অনেক সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। নাগরিকদের সচেতনতা ছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখা কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here